সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সুমন মিয়া (৩২) নামে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, গতকাল সাভার থেকে শিশু ও নারীসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। এদের মধ্যে সুমন মিয়া নামে আরও একজন আইসিইউতে মারা গেছেন। তার শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে আজ ভোরে শিউলি আক্তার নামে আরও একজন মারা যান। তার শরীরের ৯৫% দগ্ধ হয়েছিল। এখনও ৬ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শারমিনের ৪২ শতাংশ দগ্ধ, সোয়ায়েদের ২৭ শতাংশ দগ্ধ, মনির হোসেনের ২০ শতাংশ দগ্ধ, মাহাদীর ১০ শতাংশ দগ্ধ, ছাকিনের ১৪ শতাংশ দগ্ধ, সোহেলের ১০ শতাংশ দগ্ধ, সুরাইয়ার ৯ শতাংশ দগ্ধ, সূর্য বানুর ৭ শতাংশ দগ্ধ ও জহুরা বেগমের শরীরের ৫ শতাংশ দগ্ধ রয়েছে।