বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে না হয় আমরা থাকব বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌর মিলনায়তনে আলিয়া ও কওমী মাদ্রাসার শিক্ষক কর্মচারীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ এ দেশের মানুষের কাছে একটি ঘৃণ্য চক্রে পরিণত হয়েছে। তারা আলেম ওলামাদের উপর ব্যাপক নির্যাতন করেছে। আলেম সমাজ ছিল তাদের সবচেয়ে অপছন্দের।
তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে করতে হবে। যারা ফ্যাসিস্ট দলটিকে পুনর্বাসনের জন্য তৎপরতা দেখাচ্ছেন, আপনারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আপনাদের এ চেষ্টাকে জনসাধারণ ভালো দৃষ্টিতে দেখছে না। এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব।