• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক ০৩ ডিসেম্বর, ২০২৪ ১০:৫১ এএম

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহও।

হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের দেশটিতে পৃথক হামলায় ১১ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহও। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গত সপ্তাহে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে পৃথক হামলায় ১১ জনকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে লেবাননের একজন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাও রয়েছেন।

এর আগে সোমবার ইসরায়েলের বিমান হামলায় দুইজন নিহত হয়। পরে হিজবুল্লাহ প্রতিশোধ হিসেবে ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। আর এতে করে যুদ্ধবিরতি চুক্তিটি খাদের কিনারে পৌঁছে গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েল পরে আরও কয়েক দফায় বিমান হামলা চালায় যাতে কমপক্ষে ৯ জন নিহত হয়।

লেবাননের শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে “সতর্কতামূলক” হামলা চালিয়েছে কারণ যুদ্ধবিরতির “এই লঙ্ঘন বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদন সফল হয়নি”।

কিন্তু হিজবুল্লাহর এই পদক্ষেপও ইসরায়েলি হামলা রোধ করতে পারেনি। হিজবুল্লাহ হামলার “কঠোর” জবাব দেওয়ার প্রতিশ্রুতি হিসাবে ইসরায়েল একাধিক বিমান হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে হারিসে পাঁচজন এবং দক্ষিণ লেবাননের তাল্লোসাহতে চারজন নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। নিরাপত্তা সংক্রান্ত এক মন্ত্রিসভার বৈঠকের পর নেতানিয়াহু একটি বিবৃতি দিয়ে এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় হোয়াইট হাউস থেকে চুক্তিটিকে বৃহত্তর শান্তির পথ হিসেবে স্বাগত জানিয়েছিলেন।