• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

বিএনপি স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে

টাঙ্গাইল প্রতিনিধি ২৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৯ এএম

আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট জো-বাইডেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় 'জয় বাংলা' উল্লেখ করেছেন। মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে লড়াইয়ের জন্য বাংলাদেশের মানুষের সাহসিকতা-কেও প্রশংসা করেছেন তিনি। আর বিএনপি জামায়াতসহ স্বাধীনতাবিরোধীরা 'জয় বাংলা' স্লোগান মুখে আনে না। তাঁরা দেশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে।

আজ রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা অডিটোরিয়ামে এবি ব্যাংক আয়োজিত স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছি, দেশটা স্বাধীন করেছি। জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ ও বাঙালি জাতির সাহস সক্ষমতার প্রতীক। অসাম্প্রদায়িক চেতনা, গণতান্ত্রিক চেতনা ও সম্পদের সুষম বণ্টনের চেতনার বহিঃপ্রকাশ হলো জয় বাংলা স্লোগান। বিগত ১৪ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। দেশ থেকে মঙ্গাকে দূর করেছে। মানুষ এখন পেট ভরে ভাত খেতে পায়।

কৃষিঋণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার কৃষিখাতে মাত্র চার শতাংশ সুদে ঋণ দিচ্ছে। কিন্তু ব্যাংকগুলো নানা কঠিন শর্ত দেয়। এসব শর্ত অনেক কৃষকেরা পূরণ করতে পারে না। এর ফলে চড়া সুদে ঋণ নিয়ে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এ সময় আরও বক্তব্য দেন 
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর ফারুক আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম তপনসহ অনেকে।

অনুষ্ঠানে মধুপুর-ধনবাড়ী উপজেলার ১৫০০ শত কৃষকদের মাঝে এবি ব্যাংককে পক্ষ থেকে সহজ শর্তে স্মার্ট কার্ডে শতকরা চার ভাগ সুদে প্রতি কৃষককে এক লাখ টাকা করে কৃষিঋণ বিতরণ করা হয়।  

Tags: