বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনাটি একযুগ পেরিয়ে গেছে, এখনও বিচারকার্য সম্পূর্ণ হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি বন্ধ করতে হবে। কথা বলা ও লেখার অপরাধে একাধিক সাংবাদিককে জেলবন্দি জীবন কাটাতে হয়েছে ও নির্বাসনে যেতে হয়েছে। সাংবাদিকদের কণ্ঠরোধ গণতন্ত্রের জন্য হুমকি।
সোমবার (১৭ মার্চ) গাজীপুরে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর শাখার আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘আল্লাহ তায়ালা রোজাকে ফরজ করেছেন, যা প্রত্যেক নবীর উম্মতের ওপরও ছিল। তবে রোজা পালন করলেই মুত্তাকি হওয়া যায়, এমন কথা আল্লাহ বলেননি। রোজার পরও মানুষের মধ্যে অপরাধ প্রবণতা দেখা যায়, যা আমাদের সমাজে এখনও বিদ্যমান।’
তিনি বলেন, ‘মাগুরায় ৮ বছরের এক শিশু এবং বরগুনায় ১২ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। পবিত্র রমজান মাসেও দেশে চুরি, ছিনতাই, খুন, রাহাজানি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে চলেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা স্বাধীনভাবে সত্য সংবাদ প্রকাশ করতে পারেননি। তৎকালীন সময়ে কিছু সাংবাদিক জামায়াতের সংবাদগুলো বিকৃতভাবে মিডিয়াতে উপস্থাপন করতেন। একজন সাংবাদিকের লেখনী হতে হবে নিরপেক্ষ ও মজলুম মানুষের পক্ষে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীন।
ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবি, খায়রুল আলম, আবুল হাশেম খান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুসহ জামায়াতে ইসলামী মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।