গাজা ইস্যুতে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি না হলেও অনেকখানি ঘুরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেছেন, গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে বিতাড়িত করা হবে না।
বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের আগে এক যৌথ ব্রিফিংয়ে অংশ নেন তারা। ব্রিফিংয়ে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক সাংবাদিক তাকে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের ব্যাপারে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
জবাবে ট্রাম্প বলেন, “(গাজা থেকে) কোনো ফিলিস্তিনিকে কেউ বিতাড়িত করছে না এবং এমন পরিকল্পনা নেই।”
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের এক সপ্তাহ পরই ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র গাজার মালিকানা পেতে চায়। তিনি বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে একটি আধুনিক শহর এবং বাণিজ্যিক ও বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সেই সঙ্গে গাজায় যেসব ফিলিস্তিনি বসবাস করছেন, তাদেরকে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় স্থানান্তর করা হবে বলেও উল্লেখ করেছিলেন তিনি।