পবিত্র রমজান মাস চলাকালেই গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরাইল। রোববার (৯ মার্চ) ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইলি কোহেন এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান।
কোহেন বলেছেন, আমি গাজার জন্য বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধ করার নির্দেশে স্বাক্ষর করেছি।
তিনি আরও বলেন, ‘আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব যাতে সব জিম্মি ফিরে আসে। পাশাপাশি আমরা নিশ্চিত করব, হামাস আগামী দিনে গাজায় আর থাকবে না।’
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সিদ্ধান্তটি এমন এক সময় নেয়া হলো যখন গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির জন্য মধ্যস্থতাকারী দেশগুলো আলোচনা চালিয়ে যাচ্ছে। হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা দ্রুত শুরুর আহ্বান জানালেও ইসরাইল এর বিরোধিতা করছে।
বলা হচ্ছে, ইসরাইল চায় প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিকে আরও দীর্ঘ করতে যেন জিম্মি বিনিময় চলতে পারে। তবে তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কোনো প্রতিশ্রুতি দিতে নারাজ।
এর আগে, গত সপ্তাহে গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ইসরাইল। হামাসকে আলোচনায় নতুন শর্ত গ্রহণ করতে বাধ্য করাই ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য।