ফিলিপাইনে দক্ষিণাঞ্চলীয় বুকিদনন প্রদেশে একটি অভিযানের সময় এফএ-৫০ নামে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছে।
বুধবার (৫ মার্চ) সামরিক কর্মকর্তারা এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থান রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
কখন ওই প্লেনটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে ফিলিপাইনের বিমানবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) মধ্যরাতে বুকিদনন প্রদেশে একটি অভিযানের সময় এফএ-৫০ যুদ্ধবিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপরেই প্লেনটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।
সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় মিনদানাও অঞ্চলের কালাতুংয়ান পাহাড়ি এলাকায় ওই যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ এবং দুই পাইলটের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।