যুদ্ধবিধ্বস্ত সুদানে এক বছরে দুই শতাধিক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।
মঙ্গলবার (৪ মার্চ) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে, ইউনিসেফ জানিয়েছে, সুদানের গৃহযুদ্ধ চলাকালে এক বছরেরও কম বয়সী শিশুদের ধর্ষণ করেছে সেখানকার সশস্ত্র ব্যক্তিরা। প্রায় দুই বছরের যুদ্ধে ছেলেসহ কমপক্ষে ২২১টি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে।
লিঙ্গ-ভিত্তিক সহিংসতা পরিষেবা প্রদানকারীদের সংকলিত রেকর্ড অনুসারে এসব তথ্য জানা জানা গেছে বলে জানিয়েছে আল জাজিরা।
ধর্ষণের এ ঘটনাগুলোর মধ্যে, যারা বেঁচে গেছেন তাদের ৬৬ শতাংশ মেয়ে এবং বাকিরা ছেলে। বেঁচে থাকা ১৬ জনের বয়স পাঁচ বছরের কম। যার মধ্যে চারজন ছিল এক বছরের কম বয়সী শিশু।
২০২৩ সালের এপ্রিলে সুদানে সামরিক বাহিনী এবং প্রতিদ্বন্দ্বী আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে যুদ্ধ শুরু হয়, পরে তা রাজধানী খার্তুম এবং সারা দেশে ছড়িয়ে পড়ে।
তারপর থেকে কমপক্ষে ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে যুদ্ধের ফলে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে এবং দেশের কিছু অংশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।