• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনে রেকর্ড, ৯৬ শতাংশই বাতিল

আন্তর্জাতিক ডেস্ক ০৪ মার্চ, ২০২৫ ০৭:৩৯ এএম

গত বছর ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য আবেদন করেছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি। তবে এসব আবেদনের মধ্যে ৯৬ শতাংশই বাতিল করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বছর ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের জন্য আবেদন করেছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি। তবে এসব আবেদনের মধ্যে ৯৬ শতাংশই বাতিল করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উন্নত জীবন, অর্থনৈতিক স্বচ্ছলতা আর নিরাপত্তার আশায় প্রতি বছরই ইউরোপে যান অসংখ্য মানুষ। অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর চেষ্টা করেন অনেকে। কেউবা আবার নানা কারণ দেখিয়ে করেন আশ্রয়ের আবেদন।

সোমবার (৩ মার্চ) আশ্রয় সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ)। ওই প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৪৩ হাজার ২৩৬ জন বাংলাদেশি ‘ইইউ প্লাস’ হিসেবে পরিচিত দেশগুলোতে আশ্রয় আবেদন করেন। 

এটি এখন পর্যন্ত বাংলাদেশিদের সর্বোচ্চ আবেদনের রেকর্ড। ‘ইইউ প্লাস’ বলতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭টি রাষ্ট্রসহ নরওয়ে ও সুইজারল্যান্ডকে বোঝায়।

এছাড়া এ অঞ্চলে আশ্রয়ের জন্য সবচেয়ে বেশি আবেদন করা দেশগুলোর তালিকায় ষষ্ঠ বাংলাদেশ। প্রতিবেদন মতে, গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২৩ হাজার তিনজন বাংলাদেশি আশ্রয় আবেদন করেন। আর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আবেদন করেন ২০ হাজার ২৩৩ জন।

এর আগে ২০২৩ সালে আবেদন করেছিলেন ৪০ হাজার ৩৩২ বাংলাদেশি। সে হিসাবে আগের বছরের তুলনায় গত বছর বাংলাদেশিদের আশ্রয় আবেদন বাড়ে ৭.২ শতাংশ।

ইইউএএ-এর পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরের মধ্যে ২০২৪ সালে সবচেয়ে বেশি বাংলাদেশি ইইউ প্লাসে আশ্রয় চেয়ে আবেদন করেন। বাংলাদেশিদের আশ্রয় আবেদনের প্রধান গন্তব্য ছিল ইতালি।

দেশটিতে আশ্রয়ের জন্য ৩৩ হাজার ৪৫৫ জন বাংলাদেশি আবেদন করেন। যা মোট আবেদনের ৭৭ শতাংশ। এরপর সবচেয়ে বেশি আশ্রয় আবেদন জমা পড়ে ফ্রান্স ও আয়ারল্যান্ডে।

বাংলাদেশিদের মোট আশ্রয় আবেদনের ১৫ শতাংশ জমা পড়ে ফ্রান্সে। দেশটিতে আশ্রয়ের জন্য ৬ হাজার ৪২৯ বাংলাদেশি আবেদন করেন। আয়ারল্যান্ডে আবেদন জমা পড়ে ১ হাজার ছয়টি।

ইইউএএ-এর তথ্য মতে, ২০২৪ সালে বাংলাদেশিদের ৪৭ হাজার ৭৭৮টি আবেদন নিষ্পত্তির জন্য প্রক্রিয়াধীন ছিল। এছাড়া ১ হাজার ৯৮৯ জন বাংলাদেশি তাদের আবেদন প্রত্যাহার করেন। আর আবেদন গৃহীত হওয়ার হার মাত্র ৩.৯ শতাংশ।

গত বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেন আফগানরা। প্রতিবেদন অনুযায়ী, ৮৭ হাজার ৩৮২ জন আফগান আশ্রয় চেয়ে আবেদন করেন। এরপরই ছিল বাংলাদেশ। তৃতীয় স্থানে ছিল পাকিস্তান। দেশটি থেকে আবেদন জমা পড়ে ২৩ হাজার ২৪০টি।

২০২৪ সালে ইইউ প্লাসে টানা তৃতীয়বারের মতো প্রায় ১০ লাখ আশ্রয় আবেদন জমা পড়ে। ২০২৩ সালের তুলনায় সংখ্যাটি সামান্য কম। ইইউএএ-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ সালে মোট আবেদনের প্রায় অর্ধেক (৪৮ শতাংশ) এমন কিছু দেশের নাগরিকেরা করেছিলেন, যাদের আবেদন গৃহীত হওয়ার হার তুলনামূলক কম। এর মধ্যে ছিল বাংলাদেশি, মরক্কীয় ও তিউনিশীয়রা।