অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভীর ইমামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া তার স্ত্রী মাহিন ইমাম ও কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা করা হয়েছে।
রোববার (২ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
এক মামলায় তানভীর ইমামের বিরুদ্ধে ৩০ কোটি ৬২ লাখ ৩ হাজার ৮৩৬ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।
জাতীয় সংসদ সদস্য হিসেবে নিজ ক্ষমতার অপব্যবহার করে এই সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা দায়ের করেন।
অন্য মামলায় তানভীর ইমামের স্ত্রী মাহিন ইমামের বিরুদ্ধে ৩ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৫৪৮ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় তানভীর ইমামকেও আসামি করা হয়েছে। তানভীর সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার স্ত্রী মাহিনকে অপরাধে সহায়তা করার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমান বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।
আরেক মামলায় তানভীর ইমামের কন্যা মানিজে ইসমত ইমামের বিরুদ্ধে এক কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭১৭ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। এ মামলায়ও তানভীর ইমামকে আসামি করা হয়েছে। সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তিনি মেয়েকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
দুদকের উপসহকারী পরিচালক ওয়াশকুরুনী বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন। এসব মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
তানভীর ইমাম আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে।