• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

‘অযাচিত বিতর্ক করে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যাই’

সময় ডট নিউজ ডেস্ক ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:০৬ পিএম

অযাচিত বিতর্ক করে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক-বিতর্ক হবে এটা রাজনীতির একটি অংশ।

অযাচিত বিতর্ক করে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যাই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা সার্কিট হাউস ময়দানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দুপুর দেড়টায় কথা বলা শুরু করেন তারেক রহমান।

তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক-বিতর্ক হবে এটা রাজনীতির একটি অংশ। তবে আমাদের খেয়াল করতে হবে তর্ক-বিতর্ক করতে গিয়ে দেশে যাতে এমন পরিস্থিতির উদ্ভব না হয় যাতে করে সেই স্বৈরাচার অথবা যারা বাংলাদেশের ভালো চায় না এমন কেউ সুযোগ পেয়ে না বসে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। অযাচিত তর্ক-বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যাই সেই বিষয়েও সতর্ক থাকতে হবে। আমাদের সামনে অনেক কাজ আছে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে গণতন্ত্রের স্বপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকলকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে যাতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসে। যেকোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশ যে খাদের কিনারে চলে গেছে সেখান থেকে উঠিয়ে আনতে সক্ষম হব।