রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে এক দফা দাবিতে ৩০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
এ সময় প্রধান উপদেষ্টার প্রধান গেইটের সামনে দুই পাশে পুলিশ ও সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়।
আন্দোলনকারীরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের জন্য তিন ক্যাটাগরিতে ভাগ করে এই সরকার বৈষম্য তৈরি করছে। তাদের দাবি, জুলাই গণ-অভ্যুত্থানে যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদেরকে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে, যা স্পষ্ট বৈষম্যের শিকার।
তারা বলেন, অনতিবিলম্বে যেসব আহত যোদ্ধা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদেরকে ‘এ’ ক্যাটগরি এবং যেসব আহতরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন, তাদেরকে ‘বি’ ক্যাটগরিতে স্বীকৃতি দিতে হবে।
তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চালবে।