কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে যশোর জেলা বিএনপির ‘স্মরণকালের সেরা’ মহাসমাবেশ। মহাসমাবেশে যোগ দিতে ইতোমধ্যে যশোরে পৌঁছেছেন বিএনপির মহাসচিব ও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশ শুরু হবে।
যশোর বিমানবন্দরে মঙ্গলবার বেলা ১২টার দিকে তাকে স্বাগত জানান খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, আজকের এ মহাসমাবেশ হবে সর্বকালের সেরা সমাবেশ। ইতোমধ্যে মাইকে প্রচার-প্রচারণার পাশাপাশি বিলি হয়েছে দাওয়াতপত্র ও লিফলেট। সমাবেশস্থলের সকল প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোর টাউন হল ময়দানে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশ ঘিরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরাও সমাবেশের উদ্দেশ্যে জেলা শহরে আসতে শুরু করেছেন।