হলুদ গাঁদা, গোলাপ আর ঝাউ বাগানের মাঝে একঝাক তরুণ গোল হয়ে বসে পারস্যের কবি সাহিত্যিকদের সাহিত্য-দর্শন নিয়ে আড্ডায় মশগুল। প্রখ্যাত লেখক মোহম্মদ বরকতুল্লাহ বিরচিত ‘পারস্যপ্রতিভা’ বই নিয়ে এই প্রতিবেশ অধ্যয়ন সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকালে 'সপ্তাহে একটি বই পড়ি' সংগঠনের সদস্যরা যশোরের গদখালি ফুলের রাজ্যে এই সাহিত্য পাঠচক্রে মিলিত হন।
আলোচনার শুরুতে সবাই চোখ বন্ধ রেখে কুসুমিত বনে দশ মিনিট ধ্যান করেন। পাঠচক্রবন্ধু অভিজিৎ তরফদারের সঞ্চালনায় এবং পাঠচক্রবন্ধু মুরাদ হোসেনের স্বাগত বক্তব্য শেষে সাহিত্য পাঠচক্রের সদস্য সালেহা সুলতানা ঊষা ও লিমা খাতুনের কণ্ঠে নজরুল ও লোক সংগীত পরিবেশিত হয়। আলোচনার মাঝে মাঝে পঠিত হয় মাওলানা জালালউদ্দীন রুমির রুবাই। সারাদিনব্যাপী এ প্রতিবেশ অধ্যয়নে পূর্বাহ্নেই পাঠচক্রবন্ধুরা গোলাপ, গাঁদা, সূর্যমুখী, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, জারবেরা ফুলের বাগান ভ্রমণ করেন এবং আলোচনা শুরুর পূর্বে ফুলের সৌন্দর্যে নিজেদের অনুভূতির পরিচয় করিয়ে নেন।
সাহিত্য পাঠচক্রের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীর। পারস্যের কবি সাহিত্যিকদের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, মুরাদ হোসেন, অপু দেবনাথ, মুসকান হাসান, জান্নাতুল ফেরদৌস ইলা, খাদিজা একরাম এশা, ডা. মাসুমা আক্তার বিথী, সায়মা আক্তার তৌফা প্রমুখ। উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের যশোর প্রতিনিধি জাহিদ হাসান ও অলিয়ানা অরিন।