প্রায় দুই ঘণ্টা পর গাজীপুরের সদর উপজেলার মনিপুর এলাকায় কারখানার আগুন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
তিনি বলেন, দুপুর দেড়টার দিকে গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় গিভেন্সী গ্রুপের জাহিন রিসাইক্লিং প্ল্যান্ট কারখানায় আগুন লাগার খবরে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের প্রাথমিক ভয়াবহতা দেখে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটও ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। সবশেষ পাঁচটি ইউনিটের চেষ্টায় বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।