আগামী মাসের শুরুতেই পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
শনিবার (২৫ জানুয়ারী) সকালে রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর জিয়ারত করেছেন উপদেষ্টা নাহিদ । কবর জিয়ারতের পর উপদেষ্টা শহিদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। শহিদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা রায়েরবাজার কবরস্থানে আসেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, শহিদদের ঋণ কখনো শোধ করা যাবে না। তাদের অবদানের কথা স্মরণ করে তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহিদ পরিবারের পাশে থাকবে।
উপদেষ্টা জানান, রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহিদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান। শহিদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, আগামী মাসের শুরুতেই পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।