ভারতের মেঘালয়ে রামকৃষ্ণ মিশনের একটি স্কুলে ভাঙচুর চালিয়েছে স্থানীয়রা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন।
সোমবারের ওই ঘটনার পরে মঙ্গলবারও গ্রামটিতে উত্তেজনা রয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মাউকেনরৌ গ্রামে। এটি মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলায় অবস্থিত।
পুলিশ বলছে সোমবার প্রায় ২৫০ জন নারী-পুরুষ নির্মীয়মাণ ওই স্কুলটিতে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে সেখানে লাঠিচার্জ করে ও তারপরে টিয়ার শেলও নিক্ষেপ করে। অন্তত ১২ জন আহত হয়েছেন ওই ঘটনায়।
আহতদের মধ্যে অন্তত চার জন পুলিশ সদস্যও আছেন। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় মাউকেনরৌ গ্রামে কারফিউ জারি করে প্রশাসন।
কারফিউ জারির নির্দেশ দিয়ে জেলা প্রশাসন বলেছে, এই সমস্যা “খুব সম্ভবত চলতে থাকবে এবং শান্তি বিঘ্নিত হওয়ার গুরুতর আশঙ্কা করা হচ্ছে, যার ফলে জানমালের ক্ষতি হতে পারে।”
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে বলেও জানানো হয়েছে।