• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

জাতির শ্রদ্ধা অর্পণের জন্য প্রস্তুত সাভার স্মৃতিসৌধ

টিএন২৪ ডেস্ক ১৪ ডিসেম্বর, ২০২৪ ০৭:৫৯ পিএম

জাতির শ্রদ্ধা অর্পণের জন্য প্রস্তুত সাভার স্মৃতিসৌধ। সেই সঙ্গে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির শ্রদ্ধা অর্পণের জন্য প্রস্তুত সাভার স্মৃতিসৌধ। এরই মধ্যে পুরো স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রং-তুলির কাজও শেষ। সেই সঙ্গে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ১২ নভম্বর (বৃহস্পতিবার) থেকেই সব দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুলগাছ। লেকের পানিতে নতুন করে রোপণ করা হয়েছে লাল শাপলা।

জানা যায়, বিজয় দিবস উপলক্ষ্যে দুই সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্নতাকর্মী কাজ করে সাজিয়ে তুলেছেন জাতীয় স্মৃতিসৌধ। লাল-সবুজ ফুলের সমারোহে ছোট বাগানগুলোকে সাজানো হয়েছে অপরূপ সাজে। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রং-তুলির আঁচড়। এছাড়া স্মৃতিসৌধ এলাকার সড়কগুলোতে বাহারি রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারদিকে সিসিটিভির আওতায় আনা হয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, বিজয় দিবস উপলক্ষ্যে এবারের ভিন্ন প্রেক্ষাপটে সাভার জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ২৩ কিলোমিটার মহাসড়কে ১১টি সেক্টরের মাধ্যমে তিন হাজার পুলিশের ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৬ ডিসেম্বর ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে নাম না জানা লাখো শহিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাস্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এ সময় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হবে।