আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুঃস্থ,এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশন দিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে আরও গতিশীল করার লক্ষে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতিও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বুধবার (১৯ এপ্রিল) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় গণভবন থেকে ভিডিওকলে যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মোবাইল ফোনে ভিডিওকলে যুক্ত হন সরকারপ্রধান।
একইসঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস সম্পর্কে দেশবাসীকে সচেতন করাসহ সারাদেশের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও দলীয় নেতাদের কর্মীদের বৃক্ষ রোপন করতেও আহবান জানান তিনি।
প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের মোবাইল ফোনে কল দিয়ে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ উপস্থিতি নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে এই নির্দেশনা দেন।
এ সময়ে প্রায় দশ মিনিট ভিডিওকলে কথা বলেন ও উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়সহ সবার নিরাপদ যাত্রার জন্য শুভ কামনা করেন শেখ হাসিনা।
এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলী, সম্পাদকমন্ডলীর সদস্য, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সরকারের অসংখ্য প্রকল্পের মাধ্যমে দেশের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সব পর্যায়ের জনগণকে নানা ধরনের ভাতা প্রদান করা হচ্ছে। এই ভাতাগুলো উপকারভোগীদের কাছে সরাসরি যাচ্ছে কি-না সে বিষয়ে খোঁজখবর নিতে বলেছেন তিনি।
আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদেও কোনো ধরনের সমস্যা হচ্ছে কি-না সে বিষয়েও সরেজমিনে খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান।