মাগুরায় নৃশংস নির্যাতনের শিকার হওয়া শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বরাত দিয়ে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জানানো হয়, শিশুটির আজ আরো দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে (হৃদ্যন্ত্রের স্পন্দন বা হার্টবিট বন্ধ হয়ে যাওয়া); দ্বিতীয়বার প্রায় ৩০ মিনিট সিপিআর দেওয়ার পর রিভার্স করেছে। ব্রেন ফাংশন করছে না; জিসিএস (কোমা) লেভেল ৩। তার রক্ত চাপ ও অক্সিজেন লেভেল অনেক কম।
শিশুটি বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকার শিশু বিভাগের পিআইসিইউতে চিকিৎসাধীন।
এর আগে বুধবার (১২ মার্চ) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, বুধবার পর্যন্ত সে চারবার কার্ডিয়াক অ্যারেস্টের (হৃদ্যন্ত্রের স্পন্দন বা হার্টবিট বন্ধ হয়ে যাওয়া) শিকার হয়েছে এবং প্রতিবারই সিপিআর প্রদানের মাধ্যমে তাকে স্থিতিশীল করা হয়েছে। এছাড়া, তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস চলছে। বর্তমানে শিশুটির রক্তচাপ ৬০/৪০ যা আরও নিম্নমুখী হচ্ছে, ফলে আশঙ্কা কাটেনি।