ইফতারের পর রাতের খাবার খেতে হবে খানিকটা সতর্ক হয়েই। কেননা দীর্ঘ সময় খাবার বিরতির পর কয়েক ঘন্টার বিরতিতে আবার খাওয়া হঠাৎ ঠিক সামলাতে পারে না আমাদের শরীর। তাই ইফতারের পর রাতে কেমন খাবার খাবেন, সতর্ক হয়েই নিজ ও পরিবারের সদস্যদের জন্য ডায়েট তৈরি করতে হবে।
মনে রাখবেন, যদি ইফতারে হালকা খাবার প্রাধান্য দেন তবে বেশি দেরী না করে রাত ১০ টার মধ্যে রাতের খাবার সেরে ফেলুন। এ সময় শরীরে প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ করতে ভাত, সবজি, ডাল, মাছ, মাংস প্রাধান্য দিন। আর যদি ইফতারেই ভারি খাবার প্রাধান্য দেন তবে রাতের খাবারে প্রাধান্য দিন হালকা খাবার। যেমন ভাত, সবজি, ডাল ছাড়া আর কিছুই নয়।
খাবার খাওয়ার পর রাতে কোনো অস্বস্তি যেন না হয় তার জন্য রাতের খাবারে সালাদের সঙ্গে রাখুন পুদিনা পাতা কুচি। অ্যাসিডিটি দূর করতে পানীয় হিসেবে খেতে পারেন জিরা পানি।
রাতের খাবার শেষে একটি ছোট আকারের কলা খেতে পারেন। কলা পেটের গ্যাস দূর করতে পারে। সেই সঙ্গে এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রাতে ভালো ঘুমের জন্যও কাজ করে।
মনে রাখবেন, ইফতারের পর রাতের খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমাতে যাবেন না। এতে শারীরিক জটিলতা তৈরি হয়। তাই রাতের খাবার খাওয়ার পর তিন ঘন্টা অপেক্ষা করুন। এসময় পরিবারের সঙ্গে সময় কাটান, নামাজ পড়ুন। তারপর ঘুমাতে যান।