জামালপুরে প্রশাসনের আশ্বাসে ৩৩ ঘণ্টা পর গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের টাঙ্গাইল বাস টার্মিনালে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা।
ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন জেলা শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ। ধর্মঘট প্রত্যাহার করায় ৩৩ ঘণ্টা পর দুরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়।
এর আগে বৈঠকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিবসহ বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
বাস পোড়ানো ও শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে সোমবার (৩ মার্চ) দুপুর থেকে জামালপুরে গণপরিবহন ধর্মঘটের ডাক দেয় বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।