• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

এনআইডি নির্বাচন কমিশনেই থাকা উচিত : সিইসি

সময় ডট নিউজ ডেস্ক ০৪ মার্চ, ২০২৫ ০৪:৫৬ পিএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন। তিনি বলেন, এনআইডি কার্যক্রম নিয়ে যাবে এমন তথ্য জানা নেই। সরকারের চিন্তা সব সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কি না।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন।

মঙ্গলবার (৪ মার্চ) নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, এনআইডি কার্যক্রম নিয়ে যাবে এমন তথ্য জানা নেই। সরকারের চিন্তা সব সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কি না। কিন্তু আমাদের প্রতিনিধি সরকারকে জানিয়ে এসেছে আমাদের মতামত। সরকার আমাদের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেবে না বলেই প্রত্যাশা করি। লিখিতভাবে ইসির মতামত জানানো হবে। এনআইডি কার্যক্রম নিয়ে গেলে সমস্যা হবে, তা আমরা জানাবো। এখন ভোটার নিবন্ধন চলছে, সামনে জাতীয় নির্বাচন আছে। এর মধ্যে তড়িঘড়ি করে সরকার কোনো সিদ্ধান্ত নেবে বলে মনে হয় না। এমন আলোচনায় ইসির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হতাশা কাজ করছে। এনআইডি কার্যক্রম ইসিতে থাকা উচিত।

জানা যায়, জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ-জটিলতা নিরসনে স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠায় ‘সিভিল রেজিস্ট্রেশন (কমিশন), ২০২৫’ নামে একটি অধ্যাদেশ জারি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ নিয়ে স্থানীয় সরকার, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য সেবা বিভাগসহ সংশ্লিষ্টদের মতামতও গ্রহণ করছে মন্ত্রিপরিষদ বিভাগ। অতিরিক্ত সচিব পর্যায়ের এ বৈঠকে ইসি সচিবালয়ের প্রতিনিধিও উপস্থিত ছিলেন। এছাড়া আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষাপূর্বক মতামত প্রদান সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়েছে।