এক দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকের সামনে টানা ২৬ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের ব্যানারে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা। তারা গতকাল ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে এখানে অবস্থান করছেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় প্রধান উপদেষ্টার প্রধান ফটক ঘুরে দেখা যায়, প্রায় ৩০ জন আন্দোলনকারী শান্তি পূর্ণভাবে অবস্থান করছেন গেটের সামনে। জাতীয় পতাকাবাহী সরকারি কোনো গাড়ি ফটকের সামনে আসলেই তারা স্লোগান দিচ্ছেন— এক দুই তিন চার, সব শালার বাটপার।
জানা গেছে, রাতে এখানে তারা খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন। সকালে অনেকে আশেপাশে কোথাও গিয়েছেন। ফলে এখন মানুষের সংখ্যা কম। তবে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই আহতরা রওনা হয়েছেন। দাবি আদায়ে তারাও দুপুর-বিকাল নাগাদ যোগ দেবেন।
শুরুতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে আসলেও পরে তারা এক দফা দাবিতে অনড়। দেশের বিভিন্ন প্রান্তে থাকা জুলাই আহতরা ইতোমধ্যে রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। আশা করছি দুপুর থেকে বিকালের মধ্যে সবাই উপস্থিত হবেন বলে জানা গেছে।