• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

‘রাষ্ট্র সংস্কারের পাশাপাশি ব্যক্তি, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি’

সময় ডট নিউজ ডেস্ক ২৫ ফেব্রুয়ারী, ২০২৫ ০৪:১৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শুধু রাষ্ট্র সংস্কার নয়, আমাদের ব্যক্তিগত, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের সময় সব প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে নষ্ট করা হয়েছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে মার্জিত বক্তব্য দেয়ার আহ্বানও জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী শুধু রাষ্ট্র সংস্কার নয়, আমাদের ব্যক্তিগত, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্থানীয় সরকার দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদী শাসনের সময় সব প্রতিষ্ঠানকে দুর্নীতির মাধ্যমে নষ্ট করা হয়েছে। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোকে মার্জিত বক্তব্য দেয়ার আহ্বানও জানান তিনি।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আওয়ামী লীগের দোসর জনপ্রতিনিধিরা পালিয়েছে। এমন যেসব প্রতিষ্ঠানের প্রধানরা পালিয়ে গেছে সেখানে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। তবে প্রশাসকরা জনপ্রতিনিধি না হওয়ায় তাদের কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে।

উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। অন্ততপক্ষে সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোতে নির্বাচন হওয়া জরুরি। যাতে শহরের মানুষ স্বস্তি পেতে পারে।

এ সময় প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংস্কার জরুরি বলেও জানান তিনি।

আসিফ বলেন, ‘অনেক রাজনৈতিক নেতা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিব্রতকর বক্তব্য দিচ্ছেন, মানুষ আপনাদের মার্জিত বক্তব্য আশা করে।’

এসময় তিনি জনগণের শঙ্কা দূর করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।