• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের জলকামান

সময় ডট নিউজ ডেস্ক ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:৩৭ পিএম

চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। পরে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।

চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রায় দুই ঘণ্টা যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের ওপর জলকামান নিক্ষেপ করেছে পুলিশ।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১৮ মিনিটে আন্দোলনকারীদের ওপর পুলিশকে অ্যাকশনে যেতে দেখা যায়।

এসময় পুলিশকে আন্দোলনকারীদের লক্ষ করে জলকামান থেকে পানি ছুড়তে দেখা যায়। পরে পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।

এর আগে বিকেল ৫টায় দেখা যায়, শতাধিক সদস্যসহ দুটি জলকামান নিয়ে প্রস্তুত রয়েছে পুলিশ। বিপরীতে পাঁচ শতাধিক আউটসোর্সিং কর্মী প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান করছেন।

ঘটনাস্থলে রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হব।

এসময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবুও দাবি আদায় না করে ঘরে ফিরব না।