সুদানের রাজধানী খার্তুম সংলগ্ন হোয়াইট নাইল রাজ্যের গ্রামগুলোতে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস(আরএসএফ)-এর হামলায় ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছের আরও কয়েক শ’। অঞ্চলটির এক অংশ আরএসএফ এবং অন্য অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
মঙ্গলবার দেশটির মানবাধিকার আইনজীবীদের সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স নেটওয়ার্ক জানিয়েছে, সুদানের আধাসামরিক বাহিনী খার্তুমের কাছে তিন দিন অভিযান চালিয়ে ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। অধিকার গোষ্ঠীটি জানিয়েছে যে শত শত লোক আহত বা নিখোঁজ রয়েছেন এবং আরো শত শত মানুষ "মৃত্যুদণ্ড, অপহরণ, জোরপূর্বক গুম এবং লুটপাটের" শিকার হয়েছেন।
আইনজীবীদের এই নেটওয়ার্ক জানিয়েছে, হোয়াইট নাইল নদী পার হয়ে পালানোর চেষ্টা করার সময় আধাসামরিক বাহিনী গ্রামবাসীদের উপর গুলি চালায়। ফলে অনেক বেসামরিক ব্যক্তি নদীতে ডুবে যেতে পারেন, তাদের লাশ ভেসে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সেনাসমর্থিত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিশুসহ মোট ৪৩৩ জন নিহত হয়েছে।
বার্তাসংস্থা এএফপিকে একটি মেডিকেল সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে নিহতের প্রকৃত সংখ্যা জানা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সূত্রটি নাম প্রকাশ না করে বলেছে, “কিছু মৃতদেহ এখনও রাস্তায় পড়ে আছে, অনেকে তাদের বাড়িতে নিহত হয়েছেন এবং তাদের কাছে কেউ পৌঁছাতে পারছে না।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, "অনেক নারীকে ধর্ষণ করা হয়েছে এবং শত শত পরিবারকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে এমন ভয়াবহ প্রতিবেদন পাওয়া গেছে।
যুদ্ধরত দুই গ্রুপই (সেনাবাহিনী এবং আরএসএফ) বর্তমানে হোয়াইট নীল রাজ্যের নিয়ন্ত্রণ অর্জনের চেষ্টা করছে। সেনাবাহিনী দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে, আরএসএফ উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণে রয়েছে।