• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

প্রয়োজনে র‍্যাব নতুন করে গঠন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সময় ডট নিউজ ডেস্ক ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ ০৫:২৪ পিএম

প্রয়োজন হলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, উত্তরার ঘটনার পর সঙ্গে সঙ্গেই অ্যাকশন নেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। ব্যবস্থা না নিলে বলবেন যে কেন নেয়া হলো না।

প্রয়োজন হলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নতুন করে গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনের অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, উত্তরার ঘটনার পর সঙ্গে সঙ্গেই অ্যাকশন নেয়া হয়েছে। গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। ব্যবস্থা না নিলে বলবেন যে কেন নেয়া হলো না।

উপদেষ্টা আরও বলেন, ‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আগের চেয়ে কমেছে এবং সেটা আরও কমাতে ব্যবস্থা নেয়া হবে।’

দেশের আইন-শৃঙ্খলা অনেকটাই সন্তোষজনক জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা কীভাবে আরও উন্নত করা যায় এবং দেশের দুর্নীতি কীভাবে কমানো যায় এ ব্যাপারে ডিসিদেরকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আজ আমরা ডিসি এবং কমিশনারদের সাথে একটা মত বিনিময় করেছি, তাদেরও কথা ছিল আমরা শুনেছি এবং উত্তর দিয়েছি এবং আমাদের কিছু আশা ছিল তা প্রকাশ করেছি । আমাদের বড় আশা ছিল, দেশ থেকে দুর্নীতি কমাতে হবে, এটি সমূলে দূর করতে না পারলে দেশের অগ্রগতি হবে না। আমাদের বড় সমস্যা হলো দুর্নীতি। এটা সব লেভেল থেকে কমিয়ে আনতে হবে। সেজন্য আমি আপনাদের (সাংবাদিক) সাহায্য সহযোগিতা চাই। তবে তাদের সাথে আলোচনার সময় খুব কম ছিল।

জাতীয় নির্বাচন প্রসঙ্গ ডিসিদের সাথে কোনো কথা হয়নি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন এড়িয়ে যান।

তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, কৃষি নিয়ে এবং সীমান্তে বিজিবির সংখ্যা বাড়ানো ও নৌ পুলিশ বাড়ানোর কথা বলেছেন তারা। এছাড়াও গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং শিল্প পুলিশে জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছেন ডিসিরা।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হওয়ার জন্যই তো ডেভিল হান্ট পরিচালানো করা হচ্ছে-এটা আপনারা জানেন এবং আপনারাও সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, এজন্য আপনাদের ধন্যবাদ জানাই, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে মঙ্গলবার ১৭টি মন্ত্রণালয়ের সঙ্গে চলছে ডিসিদের কার্য অধিবেশন।