আওয়ামী লীগ সরকার সবক্ষেত্রে আইয়্যামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আয়নাঘর নামে খ্যাত ঢাকার তিনটি স্থান পরিদর্শন শেষে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। যেগুলো পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো।
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই আয়নাঘরের নৃশংসতার কথা যত শুনি অবিশ্বাস্য লাগে। এটা কি আমাদেরই জগত, আমাদের সমাজ। যারা নিগৃহীত হয়েছে, যারা নৃশংসতার শিকার হয়েছে, তারাও আমাদের সঙ্গে আছে। তাদের মুখ থেকে শুনলাম কীভাবে এখানে নির্যাতন করা হয়েছে।
ড. ইউনূস বলেন, বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে আসা হতো। বিনা দোষে কতগুলো সাক্ষী হাজির করে তাদেরকে বানিয়ে দেয়া হতো জঙ্গি। এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে বলেও আজকে শুনলাম।
ভুক্তভোগীর সংখ্যা নিয়ে তিনি বলেন, কয়েকজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছি। ভুক্তভোগীর সংখ্যা আমার জানামতে প্রায় সাড়ে ১৭'শ। অজানা কত সেটাতো আর জানি না। কেউ কেউ বলছেন এটা ৩ হাজারেরও বেশি হতে পারে।