ফার্মগেট থেকে তিনটি ককটেল উদ্ধার
রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো আগারগাঁও পুরান বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে সেগুলো আগারগাঁও পুরান বাণিজ্য মেলার মাঠে নিয়ে নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনাস্ট্যান্ড থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানায়, ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনা স্ট্যান্ডের ফুটপাত থেকে একটি কালো ব্যাগ থেকে তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ। পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো আগারগাঁও পুরান বাণিজ্য মেলার মাঠে নিয়ে যায়। সেখানে দুপুর আড়াইটার দিকে নিষ্ক্রিয় করা হয়।
শের-ই-বাংলা নগর থানা উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে আমরা প্রথমে সোয়া ১১টার দিকে খবর পাই। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় বেলা সোয়া ১টার দিকে একটি কালো ব্যাগের ভেতর থেকে কালো কসটেপ মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়।
শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আজম বলেন, তিনটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য আগারগাঁওয়ে খোলা মাঠে নেওয়া হয়। সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিটে ককটেল সেগুলো নিষ্ক্রিয় করেছে।