সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার মানবিজে এই বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে বলে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার খবরে বলা হয়েছে।
তুরস্ক সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত মানবিজে হামলার এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী দায় স্বীকার করেনি। দেশটির বেসামরিক প্রতিরক্ষা উদ্ধার সংস্থা বলেছে, গাড়িবোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন নারী এবং একজন পুরুষ। বিস্ফোরণে আরও ১৫ জন নারী আহত হয়েছেন।
দেশটির একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিস্ফোরণে হতাহতরা কৃষি শ্রমিক। এই ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সিরিয়া যুদ্ধের সময় মানবিজ শহরের নিয়ন্ত্রণে বহুবার বদল ঘটেছে। ডিসেম্বরে তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) হাত থেকে শহরটির দখল পুনরুদ্ধার করে।
এর আগে, ২০১৬ সালে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের কাছ থেকে শহরটির দখল নেয় এসডিএফ। গত শনিবার মানবিজে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত চার বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে সানার প্রতিবেদনে জানানো হয়।