ফের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী সরকারের শাসনামলে পুলিশের চাকরিচ্যুত সদস্যরা। চাকরিতে পুনর্বহালের দাবি আদায়ে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে সচিবালের সামনে অবস্থান নেবেন তারা।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকেল সোয়া ৩টার দিকে সচিবালয়ের মোড়ে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান চাকরিচ্যুত পুলিশ সদস্যের প্রতিনিধিরা।
এর আগে দুপুর ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য সচিবালয়ে যান চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। কিন্তু উপদেষ্টা সচিবালয়ে না থাকায় তার দেখা মেলেনি। দেখা না পেয়ে ফিরে যান তারা।
সচিবালয়ে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা হলেন- এএসআই সাইফুল, কনস্টেবল সাদ্দাম, মহিদুল এস আই মামুন, সিরাজুল হক ও শাজাহান সাজু।
সচিবালয় থেকে ফিরে এসে কনস্টেবল সাদ্দাম বলেন, আমরা অপেক্ষা করেছি। আশ্বাসও দেওয়া হয়েছিল। তাতে বিশ্বাসও করেছিলাম মানবিক বিবেচনা করে হলেও আমরা চাকরিটা ফেরত পাব। যারাই একটু প্রতিবাদী ছিলেন তাদেরই চাকরিচ্যুত করা হয়। কিন্তু এখন বলা হচ্ছে তারা নাকি আইনের বাইরে যাবেন না। আজকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দেখা পাইনি। পরে চেষ্টা করেছি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদের সঙ্গে দেখা করার। তাও সম্ভব হয়নি। কারণ তারাও সচিবালয় তখন ছিলেন না। পরে আমাদের সঙ্গে মিনিট খানিকের জন্য দেখা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সঙ্গে। তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।