৫৮তম বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে শুক্রবার (৩১ জানুয়ারি) । ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে শেষ হবে ২ ফেব্রুয়ারি।
বুধবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ইজতেমার দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের শেষ হবে। এরপর ৮দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সাদ অনুসারীরা।
তিনি জানান, ইজতেমা উপলক্ষে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির সমাগম হয়ে থাকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে। এ বছর সুষ্ঠুভাবে ইজতেমা আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, ইজতেমা ময়দানে সার্বিক পর্যবেক্ষণ করার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ, ইজতেমার ময়দানের আশেপাশের রাস্তার উভয় পাশের অবৈধ দোকানপাট অপসারণের জন্য আগামী রবিবার থেকে গাজীপুর সিটি করপোরেশনের এবং গাজীপুর জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।