প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সাংবাদিকদের বিদ্যমান অ্যাক্রিডিটেশন কার্ড রিভিউ করা হবে।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।
তিনি বলেন, দ্রুতই নতুন নীতিমালা অনুযায়ী কার্ড দেয়া হবে। এর আগ পর্যন্ত বিদ্যমান কার্ড চালু থাকবে।
নতুন অ্যাক্রিডিটেশন কার্ড নীতিমালায় বিভিন্ন ধারা পরিবর্তন হবে উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, ‘নতুন নীতিমালায় স্থায়ী বা অস্থায়ী কোন কার্ড হবে না। কার্ডের মেয়াদ হবে তিন বছর। কোনো সাংবাদিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হলেই তার অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হবে না, অভিযোগ প্রমাণিত হলেই বাতিল হবে।’
নারী ফুটবল দলকে কীভাবে উজ্জীবিত করা যায় সে বিষয়ে সরকারের পক্ষ থেকে ক্রীড়াবিষয়ক বিদেশি সহায়তা নেয়া হবে বলেও জানান উপ-প্রেস সচিব।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। অথচ তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। যতদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার না হবে ততদিন পর্যন্ত তাদের কোনো কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না।’
ফেব্রুয়ারি মাসে সংস্কার কার্যক্রমের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান প্রেস সচিব।