ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মহা কুম্ভমেলা বা ‘গ্রেট পিচার ফেস্টিভ্যাল’-এ পদপিষ্ট হয়ে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) দিবাগত রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে পবিত্র স্নানের জন্য নদী তীরে জড়ো হন লাখ লাখ মানুষ। প্রচণ্ড ভিড়ে সামনে এগোতে না পেরে ব্যারিকেড ভেঙে পায়ের নিচে চাপা পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভোরের আলো ফোটার আগেই লাখ লাখ ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে মহাকুম্ভমেলার সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে পবিত্র স্নান করতে জড়ো হন সেখানে।
এ সময় প্রচণ্ড মানুষের ভিড়ে ঠেলাঠেলিতে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেন পূণ্যার্থীরা। সেই ভিড়ে পড়ে গিয়ে চাপা পড়েন অনেকে।
ঘটনা সম্পর্কে অবগত ব্যক্তিরা নাম প্রকাশ না করার শর্তে হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, কমপক্ষে ১৫টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক।
পদদলিত হওয়ার পরের ভিডিও এবং ছবিতে দেখা গেছে, ঘটনাস্থলে মানুষের জামাকাপড়, জুতা, কম্বল এবং ব্যাকপ্যাক এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মানুষ বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটির চেষ্টা করছে।
এদিকে এ ঘটনায় ভারতের বিরোধী নেতারা সরকারের সমালোচনা করেছেন এবং অভিযোগ করেছেন যে অব্যবস্থাপনার কারণে কুম্ভমেলা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, রাত ১টা থেকে ২টার মধ্যে এই ঘটনাটি ঘটেছে।
যখন কিছু তীর্থযাত্রী সঙ্গম নাকে পৌঁছানোর জন্য পুলিশ ব্যারিকেড পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তখনই এ ঘটনা বলেও জানান তিনি।
কর্মকর্তারা জানান, আজ ১০ কোটি লোকের সমাগম হওয়ার আশা করা হয়েছিল। এছাড়া ভারতীয় সময় সকাল ১০টা নাগাদ ৩ কোটি ৬০ লক্ষেরও বেশি লোক ইতিমধ্যেই স্নান করে ফেলেছেন।