রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশ্নে জারি করা রুলের শুনানির জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার (২৯ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। ইউনাইটেড হাসপাতালের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার জারিন রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। ইন্টাভেনর হিসেবে ছিলেন অ্যাডভোকেট শিশির মনির।
এর আগে মঙ্গলবার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ সংক্রান্ত তদন্ত রিপোর্ট দেখে হাইকোর্ট বলেন, রিপোর্টে দেখছি সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া চলছে। এটা তো সিরিয়াস এলিগেশন( গুরুতর অভিযোগ)।
আদালত বলেন, রুল শুনানির সময় আমরা সব বিষয় শুনব। দেশের সব মানুষের যেন উপকার হয় আমরা এমন আদেশ দিতে চাই।
গত ২৫ জানুয়ারি হাইকোর্টে আসা তদন্ত রিপোর্টে রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে আয়ানের মা-বাবাকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। কমিটি অনুমোদনহীন সব হাসপাতাল, ক্লিনিক বন্ধ করতে সুপারিশ করেছে।