চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ইয়াস শরীফ খান (১৬) নামে শিক্ষার্থীকে গুলির অভিযোগে আট মাস পর মামলা হয়েছে। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) নগরের চান্দগাঁও থানায় মামলাটি রুজু করেন আহত শিক্ষার্থীর বাবা ব্যবসায়ী মো. এজাজ খান।
মো. এজাজ খান নগরের বন্দর থানার আনন্দবাজার জাফরখান পাড়া এলাকার জবু টেন্ডলের বাড়ির বাসিন্দা।
মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন—সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, এমএ লতিফ, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
এজাহারে বাদী অভিযোগ করেন, গত বছরের ১৮ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটের দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ে আসামি নওফেলসহ অন্যান্যরা অস্ত্রসজ্জিত হয়ে গুলি করে বাদীর ছেলে ইয়াস শরীফকে। এতে ইয়াস গুরুতর জখম হয়। বর্তমানে সে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছে।