• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

‘আপা কিন্তু টুক করে ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন’

সময় ডট নিউজ ডেস্ক ২৭ জানুয়ারী, ২০২৫ ০৭:৪৭ পিএম

আপা (শেখ হাসিনা) কিন্তু টুক করে ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আপা কিন্তু চুয়াডাঙ্গার পাশেই আছেন। আপনাদের প্রতিরোধ করেই কিন্তু ওনাকে ঢাকায় আসতে হবে।

আপা (শেখ হাসিনা) কিন্তু টুক করে ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চ (সরকারি কলেজের বিপরীতে) প্রাঙ্গণে জেলার নাগরিক কমিটির আয়োজনে রাইজিং অনুষ্ঠানে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আপা কিন্তু চুয়াডাঙ্গার পাশেই আছেন। আপনাদের প্রতিরোধ করেই কিন্তু ওনাকে ঢাকায় আসতে হবে। টুক করে আপা কিন্তু ঢুকে পড়বে, খেয়াল রাখিয়েন।

হাসনাত বলেন, ‘কাদের কাদের আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিলো আমাদের জানা আছে। কেউ কেউ আবার আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য দালালি করছেন। তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি-না, সেই চিন্তায় আছেন। কিন্তু আওয়ামী লীগের শাস্তির বিষয়ে আপনারা কিছু বলছেন না। আমাদের হাসিনা-আওয়ামী লীগ কিনতে পারে নাই। পার্লামেন্টে সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না।’

তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে। দয়া করে ক্ষমতামুখী হবেন না। যারা ক্ষমতামুখী হয়েছেন, তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে।’

এ সময় ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘চুয়াডাঙ্গায় অবকাঠামোগত উন্নয়ন হয়নি। উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প নেই। চুয়াডাঙ্গাতে কোনো উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। আমাদের প্রত্যাশা থাকবে অন্তর্বর্তীকালীন সরকার বা যে সরকারই আসুক, শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের আমলে তিনটা নির্বাচনে যে ভোট দিয়েছে সে ৩০/৪০টা করে দিয়েছে। আবার যে দিতে পারেনি, সে একটাও পারেনি। গত ১৬ বছর আপনাদের নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। গণহত্যার কারণে ইতিহাসে খুনি শেখ হাসিনার নাম লেখা থাকবে।’

হাসনাত আব্দুল্লাহ পুলিশকে উদ্দেশ্য বলেন, ‘প্রশাসনের মধ্যে মাফিয়া তন্ত্র ছিলো। বিচার ব্যবস্থা গণভবন থেকে পরিচালিত হতো। আমরা প্রশাসনে সংস্কার চাই। আমরা দেখেছি ওসি, ইউএনও, ডিসি, এসপি, ডিআইজি ভোটের আগে রাতে বিক্রি হতেন। সব হারুণ না; সব বেনজীর না। আমরা আপনাদের ধারণ করতে চাই। হাসিনার পথকে আপনাদের অনুসরণ করার প্রয়োজন নেই। দালালি করলে হারুণ-বেনজীরের মতো পালাতে হবে। পুলিশ আমাদের ভাই, আপনাদের জনমুখী হতে হতে হবে।’