উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও।’
উপদেষ্টাদের রাজনীতির বিষয়ে তিনি বলেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে।
পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি/সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির/চাপ প্রয়োগ করা অনুচিত।
ধারণা করা হচ্ছে, একটি গণমাধ্যমকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে, তাহলেই তারা নির্বাচন পরিচালনা করা পর্যন্ত থাকবে। তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারে নিজেদের প্রতিনিধি রেখে ছাত্ররা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে না।