আগামী কয়েকদিনে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যহত হতে পারে।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টা রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টা রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। পরবর্তী ২৪ ঘণ্টা রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।