রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধের জটিলতা দ্রুতই কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন।
দায়িত্ব নেয়ার পর রোববার (১৯ জানুয়ারি) প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুতই কেটে যাবে। এ বিষয়ে কাজ করছে কারিগরি দল। স্থানীয় মুদ্রাসহ সার্বিক সম্পর্কের বিষয়ে ইতিবাচক রয়েছে উভয় দেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজ সময়মতো সমাপ্ত হবে।
আলেকজান্ডার খোজিন বলেন, বাংলাদেশ থেকে কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পে লোক নেবে রাশিয়া। তবে তার আগে এ নিয়ে বিস্তারিত আলোচনা করে বাংলাদেশের সঙ্গে রাশিয়া চুক্তি করতে চায়। ভিসা পদ্ধতি সহজ করাসহ বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী রাশিয়া।
পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।