বান্দরবানের আলীকদমে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে চৈখ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।
জানা গেছে, সকালে লামা হতে আলীকদমের উদ্দেশে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল দুইজন যাত্রী নিয়ে যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আস একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে ড্রাইভারসহ দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।