• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে যে আলোচনা হলো

টিএন২৪ ডেস্ক ০৯ ডিসেম্বর, ২০২৪ ০৪:১৯ পিএম

ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ের ওপর জোর দিয়ে শেষ হলো বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক।

ভারতের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ের ওপর জোর দিয়ে শেষ হলো বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ বৈঠক শেষ হয়।

প্রায় দুই ঘণ্টার এই বৈঠকে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বাংলাদেশের এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি তার দেশের নেতৃত্ব দেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের পররাষ্ট্রসচিব একান্তে বৈঠক করেন।

আজ বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সফরে প্রতিনিধি দল নিয়ে সকাল ৯টার দিকে বাংলাদেশে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দিয়েছেন। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে আলোচনা হয়েছে।

খসড়া সূচি অনুযায়ী, বিক্রম মিশ্রি পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার আগে একান্তে বৈঠক করেন। সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে যোগ দেন মধ্যাহ্নভোজে। এরপর তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।