• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে দেখে নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক ০৩ ডিসেম্বর, ২০২৪ ০৬:৩১ পিএম

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দায়ীদের ওপর এমন আঘাত আসবে, যা আমেরিকার দীর্ঘ ও গৌরবময় ইতিহাসে আর কেউ কখনো দেখেনি। এখনই জিম্মিদের মুক্তি দিন!’

আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে জিম্মিদের মুক্তি না দিলে পরিণতি হবে ভয়াবহ। এভাবেই হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি বাস্তবায়নের নমুনা দেখিয়েছেন ট্রাম্প।

গতকাল সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তাঁর দ্বিতীয় মেয়াদ শুরুর আগেই একটি অস্ত্রবিরতি অর্জনের চেষ্টা চালানো উচিত।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বাইডেন প্রশাসনের পরোক্ষ সমালোচনা করে ট্রাম্প বলেন, জিম্মিদের বিষয়ে শুধুই আলোচনা, কোনো কার্যকর পদক্ষেপ নেই। এক বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধ করতে বাইডেন প্রশাসন ব্যর্থ হয়েছে।

তিনি আরও লেখেন, ‘আমার এই পোস্ট একটি সতর্কবার্তা হিসেবে গণ্য হোক। আগামী ২০ জানুয়ারি যেদিন আমি গর্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করব, তার আগে যদি জিম্মিরা মুক্তি না পায়, তবে মধ্যপ্রাচ্য ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং ধ্বংসাত্মক।’

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘দায়ীদের ওপর এমন আঘাত আসবে, যা আমেরিকার দীর্ঘ ও গৌরবময় ইতিহাসে আর কেউ কখনো দেখেনি। এখনই জিম্মিদের মুক্তি দিন!’

তবে এ আঘাত কী ধরনের হতে পারে বা এতে মার্কিন সামরিক বাহিনী জড়িত হবে কি না—এমন কোনো ইঙ্গিত ট্রাম্পের এই হুঁশিয়ারি পোস্টে নেই। তা ছাড়া, ট্রাম্প পোস্টে শুধু হামাসের হাতে জিম্মিদের কথা বলেছেন, ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের কথা বলেননি।

Tags:   হামলা