বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে। এদেশে ফ্যাসিস্টদের পুনর্বাসনের আর কোনো সুযোগ দেয়া হবে না। দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে।
শুক্রবার (১৪ মার্চ) স্থানীয় এক কনভেনশন হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যাক্তি ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। এই মাসে নিজেদেরকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। এই মাসে কুরআন হাদিসের আলোকে জীবন পরিচালনার পাশাপাশি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে। মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে জাতীয় ঐক্য অটুট রেখে দেশে ইসলামী জাগরণ তৈরির সুযোগকে কাজে লাগাতে হবে। রমজান হচ্ছে বদরের মাস, কদরের মাস। এই মাসে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের শপথ নিতে হবে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার শপথ নিতে হবে।
জামায়াত সেক্রেটারি বলেন, সত্যিকারের মুক্তির জন্য কুরআনের সমাজ বিনির্মাণের বিকল্প নেই। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের পথচলা অব্যাহত থাকবেই ইনশাআল্লাহ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. ইসমাইল পাটোয়ারী, লিডিং ইউনিভার্সিটির ভিসি ড. তাজ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনোয়ার হোসাইন খান, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোজাম্মেল হক ও প্রফেসর ড. সাইফুল ইসলাম, আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।