• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

কিছু গণবিরোধী উপদেষ্টা শিক্ষকদের অনাহারে রেখেছেন: রিজভী

সময় ডট নিউজ ডেস্ক ০৫ মার্চ, ২০২৫ ০৬:৪৩ পিএম

কিছু গণবিরোধী উপদেষ্টা রয়েছেন, যারা জনগণের সবচেয়ে আলোকিত অংশ শিক্ষকদের অনাহারে রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই নন এমপিও শিক্ষকরা পেটের ক্ষুধা নিবারণের জন্য যে দাবি তুলেছে এই দাবির প্রতি ন্যূনতম কোনো কর্ণপাত করেনি সরকার।

কিছু গণবিরোধী উপদেষ্টা রয়েছেন, যারা জনগণের সবচেয়ে আলোকিত অংশ শিক্ষকদের অনাহারে রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই নন এমপিও শিক্ষকরা পেটের ক্ষুধা নিবারণের জন্য যে দাবি তুলেছে এই দাবির প্রতি ন্যূনতম কোনো কর্ণপাত করেনি সরকার। এটাতো আবু সাঈদের রক্তঝড়া সরকার, মুগ্ধের রক্তঝড়া সরকার, এটাতো আহনাফের রক্তঝড়া সরকার।

গত ২৩ ফেব্রুয়ারি থেকে এমপিওর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের শিক্ষকরা।

রিজভী বলেন, আজকে যারা সমাজের মেরুদণ্ড, সমাজকে যারা নির্মাণ করবেন, ছাত্রদেরকে যারা গড়ে তুলবেন তারা রাস্তায় দাঁড়িয়ে তাদের আহারের জন্য, খাদ্যের জন্য, কোনো রকমে মানুষ হিসেবে বেঁচে থাকার দাবি করছেন। অথচ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নজর নেই।

এ সময় আক্ষেপ করে তিনি বলেন, শিক্ষকদেরকে ক্ষুধার্ত রেখে, অনাহারে রেখে, এদের সন্তানদেরকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িয়ে আপনারা কী আনন্দ পাবেন আমি জানি না। কিছু কিছু উপদেষ্টারা এই কাজগুলো করছেন। তাদের (শিক্ষক) দিকে কোনো দৃষ্টি দেওয়াতে দিচ্ছেন না প্রধান উপদেষ্টাকে।

তিনি আরও বলেন, নন এমপিওভুক্ত শিক্ষকরা যারা গত বিশ বছর, পঁচিশ বছর, ত্রিশ বছর ধরে একটি টাকাও পায়নি। এরা বাংলাদেশের লোক নন? এরাতো টাকা না নিয়েই অনেক ছাত্র তৈরি করেছেন যারা সমাজের বিভিন্ন জায়গায় আছেন। বিভিন্ন সরকারি দ্বায়িত্বও হয়তো পালন করছেন। তো এদের (শিক্ষক) দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন কেন?