• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

লুট হওয়া সব অস্ত্র নির্বাচনের আগে উদ্ধার করতে হবে : এ্যানি

সময় ডট নিউজ ডেস্ক ০৫ মার্চ, ২০২৫ ০৪:১৭ পিএম

আওয়ামী লীগের আমলের অবৈধ অস্ত্র আর ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া সব অস্ত্র নির্বাচনের আগে উদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, আওয়ামী লীগের আমলের অবৈধ অস্ত্র আর ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখন সন্ত্রাসীদের কাছে।

আওয়ামী লীগের আমলের অবৈধ অস্ত্র আর ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া সব অস্ত্র নির্বাচনের আগে উদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। 

বুধবার (৫ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহরের পুরাতন গো হাটা রোড এলাকার বশির ভিলা মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে ঢেউটিন বিতরণ করা হবে।  

তিনি বলেন, আওয়ামী লীগের আমলের অবৈধ অস্ত্র আর ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া সব অস্ত্র এখন সন্ত্রাসীদের কাছে। ওই আওয়ামী দোসর ও তাদের সঙ্গীরা এই অস্ত্র নিয়ে এখন সমাজে অপকর্ম করছে। সরকারকে দায়িত্ব নিয়ে অস্ত্র উদ্ধার করে সমাজের অস্থিরতা দূর করতে হবে।

এ্যানি বলেন, সংস্কার চলবে, নির্বাচনও হবে। অস্ত্র উদ্ধার তার আগেই করতে হবে। এই অস্ত্র দিয়ে আবারও সেই ভোটকেন্দ্র দখলে যাবে, এই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতেই হবে। এটা সরকারের দায়িত্ব।

এ্যানি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সারাদেশে আমাদের মাঝে একটি ঐক্য সৃষ্টি হয়েছে। এই সুদৃঢ় ঐক্যের কারণেই শেষ পর্যন্ত ফ্যাসিবাদ পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়েছে, তার দোসররা পালায়নি। ৫ আগস্টের পর বিভিন্ন থানা লুট হয়েছে, আগুন দিয়েছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি। এতে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে, চুরি-ডাকাতি করছে। সমাজকে একটি অস্থিতিশীলতায় নিয়ে গেছে। এজন্য এ অন্তর্বর্তী সরকারকে বলছি, আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে আপনাদের আরও বেশি সোচ্চার হতে হবে। খুব সহসাই সরকার-স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি উদ্ধার না করা হয়, তাহলে দেশে হানাহানি বাড়বে। অস্থিরতা বাড়বে, আইনশৃঙ্খলার আরও অবনতি হবে। আমরা সরকারকে সহযোগিতা করছি, অস্ত্র উদ্ধারেও সহযোগিতা করব।