• সোমবার ০৯ মার্চ, ২০২৬
logo

উপদেষ্টা হিসেবে ফারুকী ঠিক আছেন বললেন প্রিন্স মাহমুদ

সময় ডট নিউজ ডেস্ক ০৩ মার্চ, ২০২৫ ০৮:৪৯ পিএম

সোমবার (৩ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ লিখেছেন, উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী ঠিক আছেন। অন্ততপক্ষে বালখিল্য আচরণ করছেন না। সংবেদনশীল। কোথায় কি বলতে হবে করতে হবে বোঝেন। সময় তাকেই চায়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সৈয়দ জামিল আহমেদের পদত্যাগের পর গত কয়েকদিন ধরেই আলোচনায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

জামিল আহমেদ সরে দাঁড়ানোর আগে পরোক্ষভাবেই আঙুল তুলেছিলেন ফারুকীর দিকে। জানিয়েছিলেন, একাডেমিতে স্বাধীনভাবে কাজ করতে পারছিলেন না তিনি। 

তার এই অভিযোগের পর পাল্টা স্ট্যাটাস দেন ফারুকী। যেখানে তিনি দাবি করেন, জামিল আহমেদের অভিযোগের সবকিছু সত্য নয়, কিছু বিষয় সম্পূর্ণ মিথ্যা, আর কিছু তার ব্যক্তিগত হতাশা থেকে আসা।

দেশের সাংস্কৃতিক অঙ্গনের দুই ব্যক্তিত্বকে নিয়ে যখন চারদিকে আলোচনা তু্ঙ্গে তখন ফারুকীর পক্ষ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। 

সোমবার (৩ মার্চ) এক ফেসবুক স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ লিখেছেন, উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী ঠিক আছেন। অন্ততপক্ষে বালখিল্য আচরণ করছেন না। সংবেদনশীল। কোথায় কি বলতে হবে করতে হবে বোঝেন। সময় তাকেই চায়।

এরপর সেই পোস্টের কমেন্টবক্সে এই শিল্পী লিখেছেন, ‘মধ্যপন্থী বা মধ্যপন্থা হলো একটি দৃষ্টিভঙ্গি বা অবস্থান যেটি সামাজিক সাম্যের ভারসাম্য ও সামাজিক স্তরবিন্যাসের একটি নির্দিষ্ট মাত্রাকে গ্রহণযোগ্যতা বা সমর্থন দেয়। এবং এমন রাজনৈতিক পরিবর্তন, যার ফলে সমাজে একটি উল্লেখযোগ্য ডানপন্থী বা বামপন্থী অভিমুখী শক্তিশালী রাজনৈতিক স্থানান্তর হবে, তার বিরোধিতা করে।’

প্রসঙ্গত, গেল বছরের ৯ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পান জামিল আহমেদ। দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল তাকে। কিন্তু ছয় মাস না যেতেই নিজ পদ থেকে সরে দাড়ান তিনি।