আওয়ামী লীগ দেশের অর্থনীতি, শিক্ষা, উন্নয়ন ও গণতন্ত্র ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে নড়াইল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রহসন করেছে আওয়ামী লীগ। বিরোধী দলের প্রতি দমন-পীড়ন, মিথ্যা মামলা ও নেতা-কর্মীদের গুম-খুন করা হয়েছে। জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে রাখতে কাউকে ভোট দিতে দেয়নি। প্রায় ১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা মানুষের কথা বলার অধিকারকে হরণ করে অগণতান্ত্রিক পদ্ধতিতে একচ্ছত্র অপশাসন কায়েম করেছিল। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার, খুনি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটানোর পর বাংলার মাটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা।
তারেক রহমান বলেন, মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরে পেতে বিএনপি কাজ করে যাচ্ছে। রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে হবে। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি অতীতে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও পাশে থাকবে।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেকারদের প্রবাসে কর্মসংস্থানের সুযোগ, এ দেশে রপ্তানি আয়ের প্রধান উৎস গার্মেন্টসের সূচনা ও কৃষি তথা কৃষকের ভাগ্য উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। বিএনপি সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা, নারী শিক্ষার উন্নয়ন, কর্মসংস্থানের জন্য কলকারখানা স্থাপনপূর্বক নানা রকম কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল।